খবর লাইভ : চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সকাল থেকেই অভিযোগের পাহাড়। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫১ শতাংশের বেশি ভোট পড়েছে বাংলায়। আর তাঁর সঙ্গেই ক্রমাগত বাড়ছে উত্তেজনার ঘটনা। এর মাঝেই দুঃসংবাদ। উত্তরাখণ্ড থেকে বাংলায় ভোটের ডিউটিতে এসে প্রাণ হারালেন এক জওয়ান। জানা গেছে ৪৫ বছরের ওই ব্যাক্তির নাম মহেন্দ্র সিং। স্থানীয় সূত্রে জানা যায় বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে কর্তব্যরত ছিলেন ওই জওয়ান। চেয়ারে বসে থাকা অবস্থাতেই সকাল ১০টা নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। অত্যাধিক গরমের জেরেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান।




