খবর লাইভ : মে মাসের প্রথম সপ্তাহেও যে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার মিলবে না, তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গোটা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে অবশ্য রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি যে স্বস্তি দেবে না, সেই পূর্বাভাসও দিয়েছে আলিপুর।
বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে সারা দিন। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
আরও পড়ুনঃ চাকরিহারাদের এপ্রিলের সম্পূর্ণ বেতন দিল রাজ্য
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ— দক্ষিণের এই আট জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে বুধবার এবং বৃহস্পতিবার চৃড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার-পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণ দিনাজপুর এবং মালদহ— উত্তরের এই দুই জেলায় তাপপ্রবাহ চলতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও শুকনো এবং গরম আবহাওয়া থাকবে। গরমের মাঝেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে শেষ বার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের নজির প্রায় ছুঁয়ে ফেলেছে। ৭০ বছরে আর কখনও শহরের তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছয়নি।




