খবর লাইভ : শুক্রবার সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। দুপুর গড়াতেই শাহজাহান গড়ে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্রের হদিশ মেলে। তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করেন তদন্তকারীরা। দেশি-বিদেশি অস্ত্রের সঙ্গে শাহজাহানের একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রের খবর, সেইসব আই কার্ডে শাহজাহানের ছবিও দেওয়া রয়েছে।
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এদিন সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৩৪৮ টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও ৪৫ ক্যালিবারের ৫০ টি কার্তুজ, ৩ টি বিদেশি রিভলভার, ১ টি দেশি পিস্তল, ১২০ টি ৯ এমএম বুলেট, ৮ টি .৩২ কার্তুজ পাওয়া গিয়েছে। একইসঙ্গে একটি পুলিশের রিভলভার, দেশি বোমা, বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ, বিল উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা, শীর্ষ আদালতে রাজ্য
সিবিআই জানিয়েছে, এদিন প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে এমন কিছু জিনিস মিলেছে যা এনএসজির হেফাজতে রয়েছে ৷ এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ রাত ৮ টা পর্যন্ত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা ৷
অস্ত্র উদ্ধারের জন্য সন্দেশখালিতে নিয়ে যাওয়া হয় রোবট, ডিটেকশন ডগ, বালিবোঝাই বস্তা। অত্যাধুনিক এই রোবটিক্স ডিভাইস সরবেড়িয়ার গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে। এরপর যন্ত্রটি ওই বাড়ি থেকে একটি ব্যাগে নিয়ে বেরিয়ে আসে। সন্ধে নামার পর নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করে একের পর এক বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়।




