খবর লাইভ : আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের মুখে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতির’ অভিযোগ তুলে ইতিমধ্যেই দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কেজরিওয়ালকে অবিলম্বে মুক্তির দাবিতে সরব আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। তবে দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে প্রথম থেকে সরব আপ সুপ্রিমোর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এবার স্বামীর সমর্থনে হোয়াটস অ্যাপ নম্বর চালু করলেন সুনীতা। ইতিমধ্যে সেই নম্বর দলীয় কর্মী-সমর্থকদের জন্য শেয়ারও করেছেন কেজরি-পত্নী। সুনীতা সাফ জানিয়েছেন, আপ প্রধানকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সেই দাবি তুলেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন সুনীতা। সবকিছু ঠিক থাকলে আজ অর্থাৎ শুক্রবার থেকেই সেই প্রচারের কাজ শুরু করতে চায় আম আদমি পার্টি। প্রচারের নাম দেওয়া হয়েছে ‘কেজরীওয়াল কো আশীর্বাদ’।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আপের দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে কেজরিওয়ালের স্ত্রী বলেন, শুক্রবার থেকেই কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে প্রচার শুরু করবে আপ। ইতিমধ্যে সবাইকে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই নম্বরেই কেজরিওয়ালের উদ্দেশে বার্তা পাঠানো যাবে। এরপরই আপ প্রধানের জন্য কর্মী-সমর্থকদের প্রার্থনা এবং আশীর্বাদও প্রার্থনা করেছেন সুনীতা। এদিকে
কেজরিকে বার্তা পাঠানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে, সেটি হল ৮২৯৭৩২৪৬২৪। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন আপ প্রধান। বৃহস্পতিবারই আগামী ১ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন সুনীতা। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় সুনীতার দাবি, কেজরিওয়ালের শারীরিক অবস্থা ভালো নেই। আপনাদের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে।




