খবর লাইভ : ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে মহুয়ার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের বরখাস্ত তৃণমূল সাংসদ। সেই মামলায় দুই বিচারপতির বেঞ্চে মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেছিলেন, এথিক্স কমিটি একতরফা ভাবে রিপোর্ট তৈরি করেছিল। মহুয়ার বক্তব্য শোনা হয়নি। সেই অভিযোগের প্রেক্ষিতেই জবাবদিহি চেয়ে লোকসভার সচিবালয়কে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনার ‘নিয়োগ প্রক্রিয়া’ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা
লোকসভার সচিবালয় জবাবে সরাসরি অনুচ্ছেদ ১২২-এর উল্লেখ করে আইনসভার কার্যপদ্ধতি পর্যালোচনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছে। অভিযোগ করেছে, ভারতীয় সংবিধানে আইনসভা এবং বিচারবিভাগের ক্ষমতা এবং এক্তিয়ারের যে সুস্পষ্ট বিভাজন রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ তার পরিপন্থী। জবাবি চিঠিতে লেখা হয়েছে, ‘‘সংসদের কার্যপদ্ধতি (এবং সিদ্ধান্ত) সংক্রান্ত পদ্ধতির কোনও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা যাবে না। হাউস (এ ক্ষেত্রে লোকসভা) নিজেই এর বৈধতার একমাত্র বিচারক।’’




