খবর লাইভ : সিবিআই হেফাজত বাড়ল সন্দেশখালির ধৃত নেতা শাহজাহান শেখের। রবিবার তাঁর হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে বসিরহাটের মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে। আরও চার দিন বাড়ানো হয়েছে শাহজাহানের সিবিআই হেফাজত।
শাহজাহানকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করেছিল সিবিআই। উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী এবং কন্যা শাবানা ইয়াসমিনও। আদালতের নির্দেশের পর তিনি বলেন, বাবাকে অবশ্যই ফাঁসানো হয়েছে। আমার বাবা নির্দোষ। তবে তাঁকে কে বা কারা ফাঁসিয়েছে, তার সদুত্তর দিতে পারেননি শাবানা। দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ আছে কিনা, তাও জানাতে চাননি শাবানা। তার কাছে সাংবাদিকরা জানতে চান, বিজেপির উপর কোনও রাগ আছে কি? এই প্রশ্নেরও সরাসরি জবাব দেন নি শাহজাহান-তনয়া।
তিনি বলেন, সত্যিটা খুব শিগগিরই বেরিয়ে আসবে। তদন্ত হলেই সব জানা যাবে। রবিবার সিবিআই আদালতকে জানিয়েছিল শাহজাহানের বিরুদ্ধে আরও নতুন নতুন তথ্যপ্রমাণ তাদের হাতে আসবে। তাই এখনই যেন শাহজাহানকে সিবিআইয়ের হেফাজত মুক্ত না করা হয়। এই মর্মে আরও চার দিন সন্দেশখালির তৃণমূল নেতাকে হেফাজত চায় সিবিআই। বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক জানান, আদালত সিবিআইয়ের আর্জি মেনেই আগামী চার দিনের জন্য তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিন শাহজাহান অবশ্য জামিনের আবেদন করেননি।




