খবর লাইভ : যোগীরাজ্যে দুই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দেশ। উত্তর প্রদেশের কানপুরের কাছে ঘাটামপুরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিল তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার ও মন্ত্রী শশী পাঁজা। এদিন যোগী আদিত্যনাথকে ট্যাগ করে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার প্রশ্ন তোলেন, “কবে বন্ধ হবে এই ধরনের নৃশংসতা? আপনার ডবল ইঞ্জিন সরকার নারী বিরোধী, ‘জঙ্গলরাজ সরকার’ ছাড়া আর কিছুই নয়! কাকলী আরও লেখেন, “বেটি বাঁচাও অথবা বেটি মার ডালো।”
পাশাপাশি এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যোগীরাজ্যে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। ঘাটমপুরে দুই তরুণীকে গণধর্ষণের পর দুজনকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মন্ত্রী বলেন, আপনার ব্যর্থতার ‘ভয়াবহ স্মারক’। ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জবাবদিহি করার কথা মনে করিয়ে দিয়ে শশীর খোঁচা আপনার হাত ইতিমধ্যে নিষ্পাপ মেয়েদের রক্তে রক্তাক্ত।
গত বুধবারই গম ক্ষেতের কাছে একটি গাছে ওড়নায় ফাঁস দেওয়া কিশোরীদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতাদের পরিবারের অভিযোগে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের। পরে যোগী পুলিশ গণধর্ষণের অভিযোগ নিলেও খুনের অভিযোগ দায়ের করেনি বলে অভিযোগ। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত ইটভাটার মালিক ও অন্য দুজনকে।




