খবর লাইভ : বর্ষা এখনও ঢোকেনি বঙ্গে। উত্তরবঙ্গের দোরগোড়ায় মৌসুমী বায়ু। তবে প্রাক বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন হওয়ার আশঙ্কা উপকূলবর্তী এলাকায়। উত্তাল হবে বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরের নিম্নচাপ ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি ভদ্রক এবং বালাসোরের দিকে সামান্য হেলে রয়েছে। নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। কাল ভোরের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে শুক্র-শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর বুধবার বিকেল থেকেই উত্তাল হবে। হাওয়া অফিস জানিয়েছে, ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে।
মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার সকাল থেকেই। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত। যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সতর্কতা সাত জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায়।
এর সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দশটি জেলায়। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। এর সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আগামী চার দিন প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা। শহর এলাকায় জল জমতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।




