খবর লাইভ : ‘শাহজাহান-ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে তারা নতুন একটি অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না, সীমান্তের ও পারেও মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন। তা ছাড়াও আরও চারটি জায়গায় তল্লাশি চলছে। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
আরও পড়ুনঃ সকালে শাহজাহান বাহিনীর ‘দখল’ করা মাঠের পুনর্দখল নিল গ্রামবাসীরা
হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়দের কয়েক জনের দাবি, অন্যান্য ব্যবসার সঙ্গে প্রবীণ এই ব্যবসায়ী চিংড়ি মাছের ব্যবসাও করতেন। বিজয়গড়ে তল্লাশি চলছে আর এক ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে।




