খবর লাইভ : সন্দেশখালি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সকাল আটটা নাগাদ পিডব্লুডি বাংলো থেকে বেরিয়ে সোজা বোটে চড়েন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যারা যারা আইন ভেঙেছেন তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। আমাদের সঙ্গে সহযোগিতা করুন” এর পাশাপাশি কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সেই অনুরোধও করেন রাজীব।
সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতেই পুলিশ সুপারের সঙ্গে ডিজির বৈঠক হয়। তার আগে দু’ঘণ্টা পাঁচ মিনিটের গোপন অভিযানে যান রাজীব। রাতে তিনি সন্দেশখালিতেই ছিলেন। ধামাখালিতে মহিলা পুলিশের সঙ্গে কথাও বলেন। সঙ্গে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল। মিনাখাঁয় এসডিপিও অফিসে যান তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় ছটা বেজে কুড়ি মিনিটে নদীপথে বেরিয়ে পড়েন তিনি। কিছুটা দূর যাওয়ার পর তাঁর লঞ্চের আলো নিভে যায়। এরপর তিনি ফেরেন প্রায় ৮টা ২৫ মিনিট নাগাদ। এই সময়টায় বেশ কয়েকটি দ্বীপে গিয়ে খোজ খবর করেন বলেই মনে করা হচ্ছে।। যদিও এই নিয়ে তিনি সংবাদমাধ্যমকে কিছু না বললেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে জমি সংক্রান্ত বা অন্যান্য যেসব অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত চলছে এবং কোনও দোষী রেহাই পাবেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু রাজ্য পুলিশের ডিজির পদক্ষেপে আশ্বস্ত সন্দেশখালি।




