খবর লাইভ : মাঝসমুদ্রে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালাল হুথিরা। হামলার দায় স্বীকার করল ইয়েমেনে সক্রিয় ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার হুথিরা ঘোষণা করেছে, লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা এবং ব্রিটেনের দু’টি জাহাজে হামলা চালিয়েছে তারা। ওই দু’টি জাহাজের মধ্যে আমেরিকার জাহাজটি ভারতে আসছিল বলে জানা গিয়েছে।হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্স হ্যান্ডেলে লিখেছেন,মঙ্গলবার প্রথম হামলাটি আমেরিকার জাহাজ ‘স্টার নাসিয়া’ এবং অন্যটি ব্রিটিশ জাহাজ ‘মর্নিং টাইড’কে লক্ষ্য করে চালানো হয়েছে।আমেরিকা এবং ব্রিটেনের যে সমস্ত জাহাজ, তাদের জন্য ‘বিপদ’ ডেকে আনতে পারে, আত্মরক্ষার জন্য সেই সব জাহাজে হুথিরা আক্রমণ চালাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ২৬/১১ মুম্বই হামলার স্মৃতি উস্কে গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ভিনদেশি নৌকা থেকে আটক তিন
আসলে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অধিকাংশ এলাকা হুথির নিয়ন্ত্রণে। ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিয়ে লোহিত সাগরে গত বেশ কিছু দিন ধরেই বাণিজ্যিক জাহাজগুলিতে হুথিরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামলা চালানো হচ্ছে মূলত আমেরিকা এবং ব্রিটেনের জাহাজগুলিতে। যার জেরে অশান্ত হয়ে উঠেছে লোহিত সাগর। সম্প্রতি ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটিতে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন। তাদের সঙ্গে আরও ছ’টি দেশ হাত মিলিয়েছিল। এই হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছিল হুথিরা।




