খবর লাইভ : ফের লাইনচ্যুত মালগাড়ি। ঘটনার জেরে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুকের নন্দাইগাজন রেল স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। সকাল সকাল কাজে বেরিয়ে চরম হয়রানির শিকার যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে মালগাড়িটিকে রেল লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে সাত সকালে এই বিপত্তির কারণে, দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
আরও পড়ুনঃ বেআইনি কাজ বন্ধ করতে কড়া অভিষেক
খড়্গপুর-হাওড়া শাখায় প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সাত সকালে এই বিপত্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে আচমকা কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। জোরকদমে মালগাড়িটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। তবে কীভাবে এই বিপত্তি ঘটল, তার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।




