খবর লাইভ : এসএসকেএম হাসপাতাল থেকে ঘণ্টা খানেকের মধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ‘কাকু’কে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যেমন নাটকীয় ছিল, তার থেকে কোনও অংশে কম ছিল না তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। ইডি সূত্রে দাবি, ওই ১৫-২০ রকম স্বরক্ষেপণের ভঙ্গি সংগ্রহ করতে দিল্লি থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির এক বিশেষজ্ঞ এসেছিলেন কলকাতায়। নমুনা সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দিল্লি ফিরেছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আশা, সপ্তাহ খানেকের মধ্যেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট হাতে পাওয়া যাবে। তার পরে তা পেশ করা হবে আদালতে।
‘কাকু’র কণ্ঠস্বর কোনও ভাবে বিকৃত করার চেষ্টা হতে পারে কি না, সেই প্রশ্নও তুলেছিল বিরোধী শিবির। তদন্তকারীদের সূত্রে দাবি, ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে, কোনও ভাবে স্বর বিকৃত করার চেষ্টা হলেও, নমুনা যদি একাধিক ভাগে ভাগ করে নেওয়া যায়, তা হলে অসুবিধা হওয়ার কথা নয়।
আরও পড়ুনঃ ট্রেন বাতিল! ভোগান্তিতে শিয়ালদাহ শাখার যাত্রীরা
তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ইতিমধ্যেই রাহুলের গলার স্বরের নমুনা নিয়ে তা ফরেন্সিক পরীক্ষা করে আদালতে জমা দেওয়া হয়েছে। কাকুর গলার স্বরের ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরে জ্ঞানানন্দের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তার ফরেন্সিক পরীক্ষা করা হবে। এর পরে দু’জনের গলার স্বর মিলিয়ে দেখা হতে পারে।




