
খবর লাইভ : আজ, ৩ নভেম্বর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের অন্তিম পর্বের ভোটগ্রহণ চলছে। আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করবেন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫.৩ কোটি ভোটার। কোভিড পরিস্থিতিতে অভিনব কায়দায় এবছর মেল-ইন-ব্যালট বা ‘আর্লি ভোটিং’ প্রক্রিয়ার মাধ্যমে ভোটদান করতে দেখা গিয়েছে অনেককেই।
জাতীয় নির্বাচনের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের করা একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, হোয়াইট হাউস দখলে ৫১ শতাংশ ভোটের নিরিখে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাাটিক দলের প্রার্থী জো বিডেন। অন্যদিকে, ৪২ শতাংশ ভোটে কিছুটা পিছিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সর্বাধিক সংর্বাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’এর সমীক্ষাতেও বিডেন এগিয়ে রয়েছেন। উইসকনসিন, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনার মত গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে তিনিই এগিয়ে রয়েছেন বলে সমীক্ষার দাবি। অতীতে অবশ্য দেখা গিয়েছে, জাতীয় নির্বাচনের ভিত্তিতে করা এই সব সমীক্ষা সব সময় শেষ কথা বলে না। সমীক্ষায় এগিয়ে থেকেও শেষপর্যন্ত ইলেক্টোরাল কলেজের ভোটে হেরে গিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। কিন্তু এবার সব সমীক্ষাতেই বিডেন এতটাই এগিয়ে রয়েছেন যে, অশনি সংকেত দেখছে রিপাবলিকান গোষ্ঠী। এবার গ্রহণযোগ্যতা ও দেশকে সামলানোর বিষয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী বিডেনের উপরই জনতার বেশি আস্থা রয়েছে বলে মনে করছেন সমীক্ষকরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের নির্বাচন অন্যবারের থেকে অনেকটাই আলাদা হবে। এবারের মূল ইস্যুগুলিই হল, বর্ণবিদ্বেষ, বিদেশি হস্তক্ষেপ তথা মেল-ইন-ব্যালটে কারচুপির অভিযোগ। যা নিয়ে সরগরম মার্কিন রাজনীতি। তার ওপর দোসর করোনা মহামারী ও পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু। যা এবারের নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।



