খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার ৭০দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখানে উল্লেখ্য, সিনিয়ররা আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। র্যাগিংয়ের নামে যৌন নির্যাতনের শিকার হয়েছিল প্রথমবর্ষের ওই ছাত্র। কলকাতা পুলিশ চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৫ ধারায় নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার পাশাপাশি অ্যান্টি র্যাগিং ও পকসো ধারা দেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথমবর্ষের ওই ছাত্রের।
পড়ুয়ার বাবা খুনের মামলা দায়ের করেছিলেন। ঘটনার সময় ওই ছাত্র কার্যত পোশাকহীন অবস্থায় ছিল বলে জানা যায়। পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ঘটনার দিন জামা কাপড় খুলে নেওয়া হয়েছিল। ছাত্রের উপর যৌন নির্যাতনও করা হয়েছিল। এরপরই ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ।
ঘটনার দিন দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওই ছাত্র পালিয়ে বাঁচার কোনও পথ খুঁজে পাচ্ছিল না। আত্মহত্যাই ছিল সিনিয়রদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ।তখন সে নিচে ঝাঁপ দেয়।
Jadavpur-university-student-dead-chagsheet-kolkata-police




