খবর লাইভ : বাংলার প্রাপ্য টাকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার রাজ্যপালের মধ্যে সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা। সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছেন অভিষেক। দাবি মেনেছেন রাজ্যপাল। আর সেই সঙ্গে তিন সপ্তাহ সময় দিয়ে ধর্না তুলে নেয় রাজ্যের শাসক দল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে আগামী ৩১ অক্টোবরের মধ্যে জব কার্ড হোল্ডারদের প্রাপ্য বকেয়া না মেটানো হলে পয়লা নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল । আর সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দিল্লির পথে রওনা দেন রাজ্যপাল। আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই নিয়ে বোস বৈঠক করবেন বলেই অসামর্থিত সূত্রের খবর।
বাংলার মানুষের প্রাপ্য টাকা আদায় না করে থামবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দিল্লিতে গিয়ে ধর্না ,তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না শুরু করেন অভিষেকসহ রাজ্যের শাসক দলের সাংসদ বিধায়ক কর্মীরা। ৫০ লক্ষ চিঠি বৃথা যেতে দেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে উত্তরবঙ্গ এবং সেখান থেকে দিল্লি পালিয়ে গেলেও পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে বাধ্য হন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে বঞ্চিতদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছে যান অভিষেকসহ তৃণমূল নেতৃত্ব। বৈঠক শেষের ১ ঘন্টার মধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সি ভি আনন্দ বোস। এরপর আজই বাংলার বকেয়া টাকা নিয়ে শাহ-বোস সাক্ষাৎ হওয়ার জল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে।


