খবর লাইভ : ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ম্যাচটি ইস্টবেঙ্গল জিতলেও, ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মেঘে ঢেকে গিয়েছিল লাল হলুদের আকাশ। কারণ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ভক্তদের উপর একটি হিংসাত্মক হামলার খবর সামনে আসে। ইস্টবেঙ্গল এফসি-এর সেমিফাইনাল জয়ের পর লাল হলুদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ভক্তদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল।এর ফলে ফের কলঙ্কিত হল বাংলা ফুটবল।
ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এএফসি। সেই ম্যাচেই একটা সময়ে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, সেখান থেকে লড়াইয়ে ফেরে তারা এবং তারপর টাইব্রেকারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। তবে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে এরপরেই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান দ্বৈরথ ভেস্তে যেতে পারে, কারণ জানেন ?
আসলে এই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচ চলাকালীন কীভাবে ইস্টবেঙ্গল সমর্থকেরা মাঠে উপস্থিত নর্থইস্টের সমর্থকদের উপর চড়াও হচ্ছে। আসলে অভিযোগ উঠেছে এই সময়ে ইস্টবেঙ্গল সমর্থকরা নর্থইস্ট ফ্যানদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেছে। এছাড়াও নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে লাল হলুদ সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার পরে ময়দানে শোরগোল পড়ে যায় এবং ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।পুলিশের দাবি, গ্রেফতার করা ছয় সমর্থকের মধ্যে একজন মত্ত ছিলেন। ঘটনায় জড়িত ছিলেন দু’জন হকারও।
এক বিবৃতিতে নর্থইস্ট জানিয়েছে, ফুটবলে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। এ ধরনের আচরণের কড়া নিন্দা করছে তারা। সব সময়ে সমর্থকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।




