খবর লাইভ : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজো কমিটিগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর দুই মাস বাকি থাকলেও বাংলার সবচেয়ে বড় উৎসবকে সফল করতে রাজ্য সরকার কোনওরকম খামতি রাখছে না। ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এটি দ্বিতীয় বছর। আজ রাজ্যের প্রতিটি জেলাতেই ভার্চুয়ালে শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বরের সূচনা করেন। এখন থেকে রাজ্যের যে কোন শিক্ষাকেন্দ্রে র্যাগিং সংক্রান্ত যে কোন অভিযোগ জানানো যাবে এই হেল্পলাইন নাম্বারে। এখন থেকে ১৮০০৩৪৫৫৬৭৮ এই নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে।
মুখ্যমন্ত্রী বলেন, “যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। এই ধরনের কোনও ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না। শুধু যাদবপুর নয়, মুখ্যমন্ত্রী জানান, অনেক জায়গাতেই এই ব়্যাগিং হয়। তিনি বলেন, “কোথাও এই ঘটনা ঘটলে লালবাজারের হেল্প লাইনে ফোন করে জানান। আপনার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।“
কোথাও কেউ ব়্যাগিং করলে একটা ফোন করবেন- বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, এইসব ঘটনা আগে হত। মাঝখানে বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। মমতা মতে, শুধু ১০০ শতাংশ নম্বর পেলেই হবে না, ভালো মানুষ হতে হবে। কত স্বপ্ন নিয়ে বাবা-মা পড়তে পাঠান, তাঁদের এই পরিণতি মানা যায় না। অন্ধ্রপ্রদেশে বাংলার একটি মেয়ের মৃত্যু হয়েছে। প্রয়োজনে যেখানে সিআইডি গিয়ে তদন্ত করবে জানালেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না। স্পষ্ট বার্তা দেন তিনি।
কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, সারা রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে পুলিশে। অভিযোগ নিয়ে জেলাস্তরের এন্টি ব়্যাগিং কমিটির কাছে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেবে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।




