খবর লাইভ : সব জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে শেষ পর্যন্ত পৌঁছেছেন সায়নী।৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাকে জেরা চলছে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসে সায়নী বলেন, ‘‘আমি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিসে ইডি ডেকেছে। সেই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়েছি। আমি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’’
ইডি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আর সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুনঃ মেট্রোতে সওয়ারি প্রধানমন্ত্রী! যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে নরেন্দ্র মোদি!
ইডি সূত্রে খবর, সেই কুন্তলের যোগসূত্র ধরেই নিয়োগকাণ্ডে সায়নীর নাম জড়িয়েছে। শোনা যাচ্ছে, তাঁকে আয়কর জমা দেওয়ার ফাইল এবং সম্পত্তির হিসাব নিয়ে আসতে বলা হয়েছে। যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার তথ্য এবং লেনদেনের নথি আনতে বলা হয়েছে।




