খবর লাইভ : নিজের কনভয়ে নয়, এবার মেট্রোতে চেপেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষে পদার্পণ করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর সেই উপলক্ষেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সেই অনুষ্ঠানের শেষ দিন। আর এদিনের অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর সেকারণেই শুক্রবার সকালে মেট্রোয় চেপে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন নমো।
এদিন সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে নয়, আর পাঁচজন সাধারণ মানুষের মতো মেট্রোয় চেপে যান তিনি। স্বাভাবিকভাবেই মেট্রোর সাধারণ যাত্রীদের পাশেই বসেন প্রধানমন্ত্রী। কথাও বলেন উপস্থিত যাত্রীদের সঙ্গে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মেট্রো সফরের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এদিন মেট্রোয় বেশ কিছু পড়ুয়াও ছিলেন। তাঁদের সঙ্গে রীতিমতো খোশগল্পে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘ইয়ংস্টার’দের মতোই প্রশ্ন করেন, “এই রিলস দেখেছো? ওই ওয়েব সিরিজ দেখেছো?”
তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র অনুষ্ঠানেই যোগ দেবেন না, সেখানে তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন। যে তিনটি বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি, সেগুলিতে প্রযুক্তি, কম্পিউটার সেন্টার ও অ্যাকাডেমিক ব্লক তৈরি করা হবে। ৮ তলা এই ভবনগুলিতে বিশ্বমানের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।




