খবর লাইভ : অনেক খোঁজাখুঁজি চলেছিল কিন্তু শেষমেষ আশার খবর এল না। এ যেন এক অনাকাঙ্ক্ষিত সমাপতন। টাইটানিকের ইতিহাসের সাক্ষী হতে গিয়ে, ইতিহাস হল টাইটান। আমেরিকার উপকূলরক্ষা বাহিনী এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, টাইটানিকের মতো আটলান্টিক সাগরের গভীরেই সলিল সমাধি হল নিখোঁজ ডুবোযান টাইটানের। সব অভিযাত্রীকেই মৃত ঘোষণা করা হল।
আরও পড়ুনঃ জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার
রোবটের মাধ্যমে টাইটানিকের থেকে প্রায় ১৬০০ ফুট দূরে মিলল ডুবোজাহাজের ধ্বংসাবশেষ। ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে নেমেছিল। লক্ষ্য ছিল টাইটানিক দর্শনের কিন্তু যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকেই নিখোঁজ হয়ে যায় টাইটান । উপকূলরক্ষী এবং বিমানবাহিনীর সঙ্গে তল্লাশিতে নেমেছিল রোবটও। ক্লু ছিল এক শব্দ তাই শব্দতরঙ্গ যন্ত্রও বসানো হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় ডুবোযানটি ভিতরের দিকে দুমড়েমুচড়ে যাওয়ায় ভিতরে থাকা অভিযাত্রীদের মৃত্যু অবশ্যম্ভবী হয়ে পড়ে। আদৌ টাইটান বা অভিযাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।




