খবর লাইভ : রাষ্ট্রপতিকে দিয়ে্ নতুন সংসদ ভবনের উদ্বোধন না করায় রবিবারের উদ্বোধনী অনুষ্ঠান ‘বয়কট’ করে ২১টি বিরোধী দল।যাঁকে কেন্দ্র করে এত কাণ্ড, সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর হাত দিয়ে সংসদ ভবন উদ্বোধন হওয়ায় খুশি।
তিনি প্রধানমন্ত্রীকে উল্লেখ করলেন ‘সংসদের বিশ্বাসের প্রতীক’ হিসাবে।যদিও বিরোধী দলগুলির অভিযোগ, সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি।কেন্দ্রীয় সরকারের তরফে কোনও উত্তর দেওয়া হয়নি।বরং কেন্দ্রের যুক্তি, অতীতেও কত বার রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এড়িয়ে সরকারি নানা কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরা হয়েছে।
রবিবার সশরীরে না থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংসদে রাষ্ট্রপতির লিখিত বক্তব্য পাঠ করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। সেই লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর হাত দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়ায় ‘গভীর সন্তোষ’ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, “ভারতের সংসদই গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করার জীবন্ত নিদর্শন। আমি গভীর ভাবে সন্তুষ্ট এই কারণে যে, সংসদের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী নতুন ভবনের উদ্বোধন করেছেন।” উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বক্তব্য,নতুন সংসদ ভবন সকলকে ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।




