খবর লাইভ : সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্থগিতাদেশ পেলেন না অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি ১০ জুলাই। তবে অভিষেকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ।
শুক্রবার সুপ্রিম কোর্টে জেকে মাহেশ্বরী এবং পিএস নরসীমহার অবকাশকালীন বেঞ্চ জানায় বাকি তদন্তে এখনই হস্তক্ষেপ করবে না আদালত। অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় নতুন মামলা দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। মামলা দায়েরের অনুমতি চান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। গরমের ছুটির পর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
গত শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে আর্জি জানান অভিষেক।নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল অভিযোগ করেছিলেন, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল।




