খবর লাইভ : অবশেষে ফের বাংলায় দেখা যাবে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ। মে মাসের ৫ তারিখ মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’।
মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। ছবি মুক্তির তিন দিনের মাথায় অর্থাৎ ৮ মে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না।
কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।” তারপরই বাংলায় এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটবে। সেই সময় সুদীপ্ত জানিয়ে ছিলেন, ”এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনওরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।” এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবিটা দেখার অনুরোধও করেছিলেন তিনি।
ট্রেলার মুক্তির পর থেকেই একের পর বিতর্ক দানা বেঁধেছে। এরপর ছবি মুক্তির পর নানান ধরণের বিতর্ক। ওই ছবির অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেনের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাও সামনে এসেছে। এবার ছবির প্রযোজককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। সম্প্রতি হুমকি প্রসঙ্গে আদা শর্মা বলেন, ‘বারবার হুমকি পাচ্ছেন আমাদের ছবির প্রযোজক। ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গোটা ঘটনাটাই বেশ ভয়ঙ্কর। তবে সারা বিশ্বে এত ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে রক্ষা করছে।’




