খবর লাইভ :এ যেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির রিমেক। সাদা রঙের এসইউভি বাড়ির সামনে থামার সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে এসেছিলেন উমেশ পাল। ঠিক তখনই পিছন থেকে আচমকাই তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালালেন এক ব্যক্তি। পালিয়ে পাশের গলিতে ঢুকে পড়েছিলেন উমেশ। উমেশের এক দেহরক্ষী হামলাকারীকে ধরার চেষ্টা করেন। তাঁকেও গুলি করা হয়। দ্বিতীয় দেহরক্ষীকেও গুলি করেন হামলাকারী।
শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা দেশ। ২০০৫ সালে উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) বিধায়ক রাজু পাল খুন হয়েছিলেন। অভিযোগ উঠেছিল কুখ্যাত দুষ্কৃতী তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার সাক্ষী ছিলেন উমেশ পাল। তাঁর জীবনহানি হওয়ার আশঙ্কায় প্রশাসন থেকে দু’জন পুলিশকর্মীকে দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল।
দুষ্কৃতীরা এলাকা ছাড়লে স্থানীয়রা উমেশ এবং তাঁর দুই দেহরক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা উমেশকে মৃত বলে ঘোষণা করেন। দুই দেহরক্ষীর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য জনের চিকিৎসা চলছে।




