খবর লাইভ : বিচারপতি মান্থার এজলাসে তাণ্ডবের ঘটনায় ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। সম্প্রতি ঘটনার পর ঘটনার তদন্তে আসা বার কাউন্সিলের তিন প্রতিনিধি দলের পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই তালিকায় কোন কোন আইনজীবীর নাম রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাণ্ডব দেখিয়েছিলেন হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবী। শুধু তাই নয় সেদিন বিচারপতির যোধপুর পার্কের বাড়ি সহ সংলগ্ন এলাকা এমনকি হাইকোর্ট চত্ত্বরেও মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ে। কলকাতা হাইকোর্টে ওই একই পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা। এমনকী অন্য আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে বাধা দেয় তারা। এমনকী বিচারপতি মান্থার এজলাসের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অচল হয়ে গিয়েছিল আদালত। শুনানি পিছিয়েছে কয়েকশ মামলার।
এই ঘটনায় শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে। ওই ঘটনায় ইতিমধ্যেই আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় আসেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ৩ সদস্যের প্রতিনিধি। দিল্লি ফিরে গিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে রিপোর্ট দেয় কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ হয়েছে বলে জানা গিয়েছে।




