খবর লাইভ :শুক্রবারের রিপোর্ট শনিবারই স্রেফ গায়েব হয়ে গেল সরকারি ওয়েবসাইট থেকে! জোশীমঠ যে ধারাবাহিক ভাবে পাহাড়ের কোলে হারিয়ে যাচ্ছে, তার ইঙ্গিত ছিল ওই রিপোর্টে। উপগ্রহচিত্রের মাধ্যমে এই রিপোর্ট তৈরি করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনএইচআরসি)। অথচ শনিবার এই রিপোর্টটি সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়নি। এনএইচআরসি-র ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে ক্লিক করে দেখা গিয়েছে, ওই রিপোর্ট এবং উপগ্রহচিত্রটির কোনও অস্তিত্বই নেই।
ইসরোর এই রিপোর্টের ভিত্তিতে গত শুক্রবারও বিপর্যয়গ্রস্ত এলাকাগুলি থেকে জোশীমঠের বাসিন্দাদের সরিয়ে নিয়ে এসেছে উত্তরাখণ্ড জেলা এসেছে। রিপোর্ট উধাও হওয়া নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, তারা এ বিষয়ে প্রকাশ্য কোনও মন্তব্য করবে না। তবে তাদের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলির তরফে প্রকাশিত রিপোর্টকে সমাজমাধ্যমে অনেক রকম ভাবে ব্যাখ্যা করে ছড়িয়ে দেওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলা হয় বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।




