খবর লাইভ :কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ীকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার নাগপুরে মন্ত্রীর অফিসে হুমকি ফোন আসে। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
শনিবার সকালে মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অফিস ওড়ানোরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার কথা জানিয়েছে নাগপুর পুলিশ।
নাগপুরের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল মাদানে বলেছেন, ‘‘যিনি ফোন করেছিলেন, তাঁর কণ্ঠস্বর খতিয়ে দেখা দেখা হচ্ছে।’’
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ৩ বার ফোন করে হুমকি দেওয়া হয়। প্রথম ফোনটি করা হয় সকাল ১১টা ২৫ মিনিটে। দ্বিতীয় ফোনটি আসে ১১টা ৩২ মিনিটে। তৃতীয় ফোনটি করা হয়েছিল আরও ১ ঘণ্টা পর। দুপুর সাড়ে ১২টা নাগাদ তৃতীয় ফোন করা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।




