খবর লাইভ : বড়দিনের প্রাক্কালে ২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও অন্যথা হল না। এবারে মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন সেখানে।
শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে যান মমতা ও অভিষেক। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। যিশুর মূর্তিতে ফুল দেন মমতা ও অভিষেক। বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার পর চার্চের ফাদারের সঙ্গে দেখা করেন দু’জনে। ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাত ১১টা নাগাদ চার্চ থেকে বেরিয়ে যান মমতা ও অভিষেক। গির্জার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়। উল্লেখ্য, গতবছরও পর্তুগিজ গির্জায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও চার্চের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বিগত বছরগুলিতে মমতাকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে। তবে গত দু’বার বড়দিনের প্রাক্কালে তিনি পর্তুগিজ গির্জায় গেলেন।




