খবর লাইভ : ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক জায়গায় চরম উত্তেজনা৷ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কুলপি বিধানসভা এলাকার হটুগঞ্জ বাজার এলাকা৷ সেখানেও শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ বিজেপি কর্মী, সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ৷
পাল্টা বিজেপি কর্মীরা প্রতিরোধ করেন। যার নিট ফল, এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ একের পর এক দোকান ভাঙচুর করা হয়৷ আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরবাইকে৷ তৃণমূলের একটি দলীয় কার্যলয়েও ভাঙচুর করা হয়৷
আজই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা তৃণমূল সাংসদের খাসতালুক ডায়মন্ড হারবারে সভা করবেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি-র অভিযোগ, এই সভায় আসার পথে দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী, সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে৷ কুলপিতেই বিজেপি কর্মী, সমর্থকদের বাস ভাঙচুর করা হয়৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় পথ অবরোধও করে তৃণমূল৷ ফলে সভায় যোগ দিতে আসার পথে সমস্যায় পড়েন বিজেপি কর্মীরা৷
আরও পড়ুনঃ ক্যামেরুনের কাছে লজ্জার হার, তবু শেষ ষোলোয় ব্রাজিল
শুভেন্দু অধিকারী অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মনে রাখবেন, আজকে দক্ষিণবঙ্গের আর একটি জায়গাতেও পূর্ব মেদিনীপুরে একটা সভা হচ্ছে৷ আমাদের সভায় যাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে৷ শুধুমাত্র আমি যে পথ ধরে যাবো সেটা ফাঁকা রয়েছে৷ আমিও চাইলে মারিশদা থেকে কোলাঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি৷ তিন সেকেন্ড সময় লাগবে৷ কিন্তু আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না৷’




