খবর লাইভ : শ্রদ্ধা ওয়াকার খুনের মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালা শ্রদ্ধাকে হত্যা করার কথা শেষ পর্যন্ত স্বীকার করলেন নার্কো টেস্টে। এমনকি খুনের অস্ত্র তিনি ঠিক কোথায় লুকিয়েছেন এবং হত্যার সময় শ্রদ্ধা যে পোশাক পড়েছিলেন সেটাও কোথায় সরিয়েছেন সেকথাও নার্কো টেস্টে জানিয়েছেন তিনি।
নার্কো টেস্টে শ্রদ্ধাকে খুন করার কথা স্বীকার করেছেন আফতাব। বৃহস্পতিবার পুলিশ কর্তারা জানিয়েছেন, শ্রদ্ধা ওয়াকার খুনের মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালা শ্রদ্ধাকে হত্যা করার কথা অবশেষে স্বীকার করলেন নার্কো টেস্টে।
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার আফতাবের নার্কো পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। সূত্রের দাবি, ওই পরীক্ষার সময় আফতাবের স্বীকারোক্তি ছিল, ‘‘হ্যাঁ! শ্রদ্ধাকে আমিই খুন করেছি।’’
বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির রোহিণী এলাকায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-তে আফতাবের নার্কো পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন হুডা। সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ দিল্লির রোহিণী এলাকায় বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে আফতাবকে কড়া প্রহরায় নিয়ে যাওয়া হয়। এর পর হাসপাতালের এফএসএল-এ সকাল ১০টা নাগাদ নার্কো পরীক্ষা শুরু হয়। ঘণ্টা দুয়েক ধরে তা চলে।




