খবর লাইভ : চোখের চিকিৎসার কারণে আমেরিকার জনস্ হপকিন্স হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁ চোখের সমস্যা নিয়ে অনেক দিন ধরেই ভুগছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি তাঁর সেই চোখে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিষেক। টুইট করে এই কথা জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।
টুইটে লেখা হয়েছে, ‘‘যাঁরা অমানবিক ভাবে অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে সমালোচনা করছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’’
অভিষেকের যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদের বাঁ চোখের মণি বাদে বাকি অংশ লাল। চোখের নীচের দিকে অস্ত্রোপচারের দাগ স্পষ্ট। অস্ত্রোপচারের কারণে বাঁ চোখের একাংশ বেশ খানিকটা ফোলা।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনে মানিকের দেওয়া সম্পত্তির হিসেব ‘সঠিক নয়’, দাবি ইডির
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদের এক দলীয় কর্মীসভা থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকাই ধাক্কা মেরে উল্টে যায় অভিষেকের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নীচের হাড়টি ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন এই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন।




