খবর লাইভ : বিশ্বজোড়া ভক্তদের বিষণ্ণ করে অবসরের কথা জানিয়ে দিলেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফুটবলারের জীবনে কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ। দ্রুত শেষ হতে চলেছে আর্জেন্টিনার হয়ে তাঁর আন্তর্জাতিক ফুটবল জীবন। তবে ফুটবলকে ছাড়ছেন না মেসি। ফুটবল খেলা আরও চালিয়ে যেতে চান ২০২৬ সাল পর্যন্ত। আর্জেন্টিনার সাংবাদিক সেবাস্তিয়ান ভিগ্নেলোর সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি এই খবর জানান। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। দেশের হয়ে ট্রফি পেতে মরিয়া হয়ে রয়েছি।’
আরও পড়ুনঃ সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ
ফুটবল অন্ত প্রাণ এই মহাতারকা কথা বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি যে এবার দেশকে ফুটবল বিশ্বকাপ এনে দিতে মরিয়া বারবার তা ফুটে ওঠে মেসির কথায়। তিনি জানান, বিশ্বকাপ শুরুর জন্য তিনি এখন থেকেই দিন গুনছেন। নিজের পারফরম্যান্সের পাশাপাশি দেশ যাতে সাফল্য পায় সেদিকও নজর থাকবে বলে জানিয়েছেন মেসি।
নিজের দলকে নিয়েও আশাবাদী শুনিয়েছে মেসির মন্তব্য। তিনি জানান, ২০১৯ সাল থেকে একটিও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। দল যথেষ্টই শক্তিশালী। খুব ভাল ছন্দে রয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে অনেক কিছুই হতে পারে বলে সতর্ক মেসি। ফেবারিট দলও যে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিতে পারে তা নিয়ে যথেষ্টই ওয়াকিবহাল তিনি।




