খবর লাইভ : দুর্গাপুজো উদ্বোধন করতে এসেও রাজনৈতিকভাবে রাজ্য সরকারকে বিঁধতে বিন্দুমাত্র কসু্র করলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুরে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এসেছিলেন দুর্গাপুজোর উদ্বোধন করতে। আর সেই উদ্বোধনের পরেই তিনি প্রশ্ন তুললেন লক্ষীর ভান্ডার নিয়ে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী একুশের বিধানসভা নির্বাচনকালে ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। উল্লেখ্য, এই প্রকল্পের হাত ধরে রাজ্যের সমস্ত মহিলাদের আর্থিক সাহায্য করা হয়। সাধারণ মহিলারা ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পান। আর এই প্রকল্পের হাত ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অর্থনৈতিক অপরাধ করছেন বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তাঁর অভিযোগের ব্যাখ্যাও করেছেন।
আরও পড়ুনঃ কংগ্রেস সভাপতি নির্বাচনে নতুন প্রার্থী মল্লিকার্জুন খাড়গে !
তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যে টাকা বরাদ্দ, সেটা যদি মুখ্যমন্ত্রী দিতে না পারেন, সেই টাকার ঘাটতি তিনি মেটাচ্ছেন অন্য প্রকল্প থেকে। একইভাবে অন্য প্রকল্পের ঘাটতি থাকলে তা মেটাচ্ছেন আরও একটি অন্য প্রকল্প থেকে। যা গুরতর অর্থনৈতিক অপরাধ বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি জানান, যাবতীয় তথ্য জানার জন্য তিনি ইতিমধ্যেই আরটিআই করেছেন। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা শাসকদলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে যে বিতর্ক বাড়বে, সে কথা নিঃসন্দেহে বলা যায়।




