খবর লাইভ : বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মেলেনি মুক্তি। এই আবহেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি-ধাক্কাধাক্কি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি
সপ্তাহান্তেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একটানা বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও মিলবে রেহাই।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্রবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি ক্রমশ ওড়িশার দিকে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশ বৃষ্টিতে ভিজবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।




