খবর লাইভ : ভোলে ব্যোম রাইস মিল৷ গত কয়েক দিন ধরেই চর্চায় বোলপুরের এই রাইস মিল৷ কারণ এই রাইস মিলের মালিক আর কেউ নন, স্বয়ং অনুব্রত মণ্ডল৷ সেই রাইস মিলেই আজ হানা দিয়ে ছ’ ঘণ্টারও বেশ তল্লাশি চালায় সিবিআই৷ আর সেই তল্লাশিতেই উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷
আরও পড়ুনঃ মাঝ আকাশে অঘোরে ঘুমিয়ে পড়লেন দুই বিমান চালক!
নামে অনুব্রত মণ্ডলের হলেও খাতায় কলমে অবশ্য এই ভোলে ব্যোম রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ যদিও চমক রয়েছে অন্য জায়গায়৷ সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর এই রাইস মিলের একজন ডিরেক্টর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল৷ রাইস মিলের অন্য একজন ডিরেক্টর অনুব্রতর বাড়ির পরিচারক৷ যদিও তদন্তের স্বার্থে সেই পরিচারকের নাম প্রকাশ করেনি সিবিআই৷
সিবিআই প্রথম থেকেই অভিযোগ করেছে, সরাসরি নিজের নামে সম্পত্তি না কিনে নিজের পরিবারের সদস্য, আত্মীয় এমন কি সায়গল হোসেনের মতো নিজের দেহরক্ষী, পরিচারকদের নামেও সম্পত্তি কিনেছেন অনু্ব্রত৷ এমন কি, অনুব্রতর কর্মীদের আত্মীয়ের নামেও বিপুল পরিমাণের সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ এই সমস্ত সম্পত্তিরই উৎসের খোঁজ করছে সিবিআই৷ বাড়ির পরিচারককে রাইস মিলের ডিরেক্টর করা এই কৌশলেরই অংশ বলে দাবি সিবিআই-এর৷ ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করেছে সিবিআই৷অনুূব্রতর এই রাইস মিলে এ দিন প্রায় ছ’ ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই৷ বর্তমানে রাইস মিলটি বন্ধ রয়েছে৷ কিন্তু রাইস মিলের ভিতরে একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে সিবিআই৷ যদিও গাড়িগুলির কোনওটিই অনুব্রতর নিজের নামে নেই৷




