খবর লাইভ : ফের করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই নিয়ে গত তিন মাসে দু’বার করোনা (Corona) আক্রান্ত হলেন সোনিয়া। শনিবার সকালে টুইট করে এখবর জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ।এদিন টুইট করে এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়েছেন, বর্তমানে সরকারি নির্দেশ মেনে আইসোলেশনে রয়েছেন। এদিকে সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে দলীয় সূত্রে খবর।
আরও পড়ুনঃ নূপুর শর্মাকে খুনের দায়িত্ব পাওয়া জইশ জঙ্গি গ্রেফতার
গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। এর আগে গত জুন মাসেও করোনায় সংক্রমিত হয়েছিলেন সোনিয়া। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করোনা সংক্রমণের জেরে সোনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন জয়রাম রমেশ। উল্লেখ্য শুক্রবারই সোনিয়া গান্ধী বৈঠক করেছিলেন বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে। সোনিয়ার সংস্পর্শে আসার কারণে তাঁকে করোনাবিধি মেনে বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হবে।



