খবর লাইভ : দিন দশেকের মধ্যে ফের কোভিড আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে। বাইডেন সেখানেই নিভৃতবাসে আছেন।তাঁর চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের শরীরে রোগের কোনও লক্ষণ নেই। তিনি সুস্থই আছেন।
আরও পড়ুনঃ “২-১৫ অগাস্ট নিজের ডিপি রাখুন জাতীয় পতাকা” ‘মন কি বাত’-এ আবেদন মোদির
শনিবার তাঁর ‘কোভিড’ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। এর আগে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাঁর ‘অ্যান্টিজেন টেস্ট’-এর ফল ‘নেগেটিভ’ই আসে। কিন্তু শনিবার সকালে ফের পরীক্ষা হলে ফল ‘পজিটিভ’ এসেছে। এর পরেই চিকিৎসকরা তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেন। আপাতত পাঁচ দিন তিনি হোয়াইট হাউসেই নিভৃতবাসে থাকবেন বলে জানানো হয়েছে। দিন দশেক আগেই বাইডেন কোভিড আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তাঁর মৃদু উপসর্গ ছিল।কিন্তু এবার তার কোনও উপসর্গই নেই। যদিও প্রেসিডেন্ট ইতিমধ্যেই কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন।
এক টুইট বার্তায় তাঁর কোভিড ‘পজিটিভ’ হওয়ার বার্তা জানিয়ে বাইডেন লিখেছেন, ‘আমার কোনও উপসর্গ নেই। অন্যেরা যাতে সংক্রমিত না হন, সে জন্য আমি নিভৃতবাসে রয়েছি। কাজ করছি। খুব শীঘ্রই পথে নামব।’




