খবর লাইভ : চতুর্থ দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড। প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট ও নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা জনি বেয়ারস্টোর অনবদ্য জুটি ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছে। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ১১৯ রান। আর ভারতের জয়ের জন্য দরকার ৭টি উইকেট। চতুর্থ দিনের শেষে ৩৭৮ রানের জয়ের লক্ষ্যমাত্রা রেখেও কিছুটা হলেও চাপের মুখে ভারত | টেস্টের শেষের দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১১৯ রান। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটে ২৫৯ রান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৪৫ রানে | দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ দিনের শুরুটা ভালো করলেও শেষ রক্ষা হয়নি। দ্রুত ফিরে যান তাঁরা। পূজারা ৬৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে ও পন্থ ব্যক্তিগত ৫৭ রান করে জ্যাক লিচের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এই দুজন ফিরে যেতে ভারতের কোনও ব্যাটসম্যানই আর ক্রিজে টিকে থাকতে পারেননি। মাত্র ৪৭ রানে ভারত শেষ ৫টি উইকেট হারায়। প্রথম ইনিংসে ভালো লিডের সুবাদে ভারত ইংল্যান্ডকে ৩৭৮ রানের টার্গেট দেয় জয়ের জন্য। কঠিন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চাপের মুখে উইকেট বাঁচিয়ে ইনিংস গড়েন ইংল্যান্ডের দুই ওপেনার ব্যাটসম্যান।
আরও পড়ুনঃ এত টাকার উৎস কী ? মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে তোপ মমতার
তবে চা-বিরতির পর তিনটি উইকেট পরপর গেলে চাপে পড়ে যায় ইংল্যান্ড। অবশ্য পরবর্তী সময়ে ভারতীয় বোলাররা তেমন কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি। তিনটি উইকেট হারিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সাময়িক চাপে পড়ে গেলেও রুট ও বেয়ারস্টোর দায়িত্বশীল জুটি ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে আনে। অধিনায়ক যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি ছাড়া আর কেউই দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি।




