খবর লাইভ : ছুটির পর ৭০ জন পড়ুয়া নিয়ে রওনা দিয়েছিল স্কুল বাস। আচমকাই বিপত্তি! স্কুল থেকে মাত্র ২০০ মিটার দূরে রাস্তার পাশে হঠাৎ উল্টে যায় বাসটি। রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় পড়ুয়াবাহী বাসটি। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে।
স্কুল বাস দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে প্রায় ৩০ জন পড়ুয়া। তাদের মধ্যে ১৫ জনকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। অধিকাংশ পড়ুয়ার হাত-পা ও মাথায় চোট লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলবাসটি মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের। পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা বাসটিতে ছিল। স্কুল থেকে বেরনোর পরে রাজ্য সরকারের উপরে ওঠে বাসটি। কিছুটা দূর যাওয়া মাত্র হঠাৎ বাঁদিকে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। কীভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় ও পুলিশের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।




