খবর লাইভ : পেট্রল-ডিজেলের দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা বহু দিনের। তারই সমাধানে শহরে ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানাল উব্র। শনিবার সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছেন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তাঁরা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।
যদিও এ দিনের সিদ্ধান্তে সন্তুষ্ট নন বিভিন্ন অ্যাপ-ক্যাবচালক সংগঠনের নেতৃত্ব। তাঁরা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির পরে কিলোমিটার পিছু ভাড়া ১১ টাকা থেকে ১৪ টাকার কাছাকাছি ঠেকতে পারে। তাঁদের দাবি, কিলোমিটার পিছু ভাড়া অন্তত ২২-২৩ টাকা না হলে এসি চালানোর খরচে কুলিয়ে ওঠা মুশকিল।
আরও পড়ুন- মিড-ডে মিলে নিম্নমানের খাবার,প্রকাশ্যে তৃণমূল নেতাকে কষিয়ে থাপ্পড় মারলেন অভিভাবক
সংস্থার তরফে জানানো হয়েছে, চালকদের কমিশনের সঙ্গে অ্যাপ ক্যাবের বর্ধিত ভাড়া যুক্ত করে দেওয়া হবে।
আজ আরও বেড়েছে পেট্রেল-ডিজেলের দাম। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। দেশে পেট্রোলের দামে শনিবার সর্বকালীন রেকর্ড। আরও বেড়ে সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল। জ্বালানি তেলের লাগাতার এই দাম বৃদ্ধির জেরে বাজার ‘আগুন’।




