খবর লাইভ: কয়লা-কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ মার্চ সকাল ১১ টার মধ্যে দিল্লির অফিসে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তৃণমূলের দাবি, প্রতিহিংসা করতেই অভিষেককে বারবার তলব করা হচ্ছে।
আরও পড়ুন- Kolkata Port: কলকাতা বন্দরে ১৫ মিনিটেই জলের তলায় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ!
যদিও ইডির তরফে জানা যাচ্ছে, কয়লা-কাণ্ডে বেশ কয়েকটি নতুন তথ্য হাতে এসেছে। সে বিষয়ে আরও তথ্যের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।
কয়লা পাচার-কাণ্ডে (Coal Smuggling Case) এর আগে দু’বার অভিষেককে জেরা করেছে ইডি ৷ দু’বারই নয়াদিল্লিতে তাঁকে জেরা করা হয় ইডির (ED) তরফে ৷ গত সেপ্টেম্বরে তিনি নয়াদিল্লির দফতরে ইডির মুখোমুখি হয়েছিলেন ৷ তার পর গত সোমবার তাঁকে প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকরা ৷
সোমবার ইডির (Enforcement Directorate) দফতর থেকে বেরিয়ে অভিষেক জানিয়েছিলেন যে, বাংলায় হেরে যাওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্তা করছে বিজেপি ৷ কিন্তু তিনি এতে ভয় পান না ৷ তিনি ক্ষমতার কাছে মাথা নত করবেন না ৷ তিনি শুধু দেশের মানুষের কাছে মাথা নত করবেন ৷
ইডি সূত্রে বলা হয়েছে, সোমবার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আরও বেশ কিছু বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। তদন্তকারীরা এখনও সব প্রশ্নের জবাব পাননি বলেই আবার ডেকে পাঠানো হয়েছে অভিষেককে।
#Abhishek Banerjee
#enforcement directorate




