খবর লাইভ: সোমবার, ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। করোনা অতিমারীর কারণে দীর্ঘ দুই বছর পর, ফের একবার অফলাইনে এই পরীক্ষা হবে। শনিবার, এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। সোমবার থেকে এই পরীক্ষা গ্রহণের জন্য পর্ষদ পুরোপুরি তৈরি বলেও জানান তিনি।
এবারের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পর্ষদের সামনে। প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে রুখতে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের উপর কড়া নজর রাখা হবে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে পরীক্ষায় টুকলি রুখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্পর্শকাতর ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে কিনা সেই বিষয়ে প্রশাসনের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে প্রয়োজন, সেই সকল এলাকায় বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা।
এছাড়াও, খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরীক্ষার বিষয়ে কোনও অসুবিধের মধ্যে পড়লে, সেক্ষেত্রে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। এছাড়াও, এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রাখা হচ্ছে আইসলেশন রুম। যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে আসেন, সেক্ষেত্রে সেই পরীক্ষার্থীকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে।
এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ১১ লাখের উপর পরীক্ষার্থী। যা গত বারের তুলনায় প্রায় পঞ্চাশ হাজার বেশি বলেই দাবি করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা পাঁচ লাখ। অন্যদিকে, ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৮০৪।




