খবর লাইভ: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, গরুপাচার-কাণ্ডে শুক্রবারই সিবিআইয়ের তদন্তকারীদের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতের। তবে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তা হয়নি।
সূত্রের খবর, শুক্রবার সকালে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে দাবি করেন অনুব্রত। তড়িঘড়ি তাঁকে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুব্রতের নানা শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পর অনুব্রতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন তাঁরা। চলতি মাসের গোড়ায়ও শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুব্রতকে। সেই সঙ্গে তাঁর কোলেস্টরলের সমস্যাও ছিল।
প্রসঙ্গত, গরুপাচার-কাণ্ডে এর আগেও কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতের। চলতি মাসের ১৪ তারিখ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। তবে সে সময় শারীরিক অসুস্থতার পাশাপাশি নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত। তার পর তাঁকে শুক্রবার হাজিরার জন্য তলব করা হয়েছিল। ঘটনাচক্রে, শুক্রবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হল।


