games Special News Special Reports

‘ধোনির পরামর্শে সুযোগ পাওয়া আয়ুষ নজর কাড়লেন, কিন্তু জয় গেল কোহলিদের ঝুলিতে

0
(0)

খবর লাইভ : শনিবার আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মুখোমুখি লড়াইয়ের কেন্দ্রে ছিল এক ব্যতিক্রমী প্রতিপক্ষ ‘জেনারেশন বোল্ড’ বনাম ‘জেনারেশন ওল্ড’। মাঠের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ‘বোল্ড’ই। মাত্র দু’ রানে জয় ছিনিয়ে নিয়েছে বেঙ্গালুরু।

এই ম্যাচ ঘিরে জোরদার  প্রচার  করেছিল সম্প্রচারকারী চ্যানেল, যেখানে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিকে ওল্ড প্রজন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। যদিও মাঠে সেই প্রতিযোগিতা ছাপিয়ে উঠেছে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সম্মিলিত পারফরম্যান্সে। বেঙ্গালুরুর হয়ে নজর কাড়েন কোহলি ও জেকব বেথেল, আর চেন্নাইয়ের হয়ে পাল্টা জবাব দেন আয়ুষ ও রবীন্দ্র জাডেজা।

তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ১৭ বছরের তরুণ আয়ুষ। মুম্বইয়ের এই ব্যাটার ৯৪ রানে থামলেও, তার সাহসী ইনিংস নজর কেড়েছে সকলের। চেন্নাই শিবিরে তার অন্তর্ভুক্তির নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। রুতুরাজ গায়কোয়াড়ের চোটে যখন চেন্নাই দিশেহারা, তখন ধোনিরই পরামর্শে সুযোগ পান আয়ুষ। তিনি যে সেই আস্থার মর্যাদা রাখবেন, তা শনিবার প্রমাণিত।

আয়ুষকে প্রথম ডাকা হয়েছিল গত মরসুমের আগে একটি ট্রায়ালে। তখন সেভাবে নজর কাড়তে না পারলেও ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিকতা নজরে আসে চেন্নাই ম্যানেজমেন্টের। চলতি মরসুমে রাচিন রবীন্দ্রর খারাপ ফর্ম, ডেভন কনওয়ের দেশে ফিরে যাওয়া ও রুতুরাজের চোটে আবার দরকার পড়ে বিকল্প ওপেনারের। দ্রুত সই করানো হয় আয়ুষকে। শনিবারের মঞ্চে তিনি নিজেকে প্রমাণ করলেন দুর্দান্ত ছন্দে।

তবে আয়ুষের এই উজ্জ্বল ইনিংসও শেষরক্ষা করতে পারেনি চেন্নাইয়ের। মিডল অর্ডারের ব্যর্থতা ও বারবার ব্যাটিং অর্ডারে বদল করে দলটাই যেন ভারসাম্য হারিয়েছে। বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের একদম কাছাকাছি গিয়েও ম্যাচ বের করতে পারেনি চেন্নাই।

ধোনির ব্যাটিং অর্ডার, শিবম দুবেকে আগে না পাঠানো এবং শেষ ওভারে ভুল ডিআরএস, সব মিলিয়ে চেন্নাইয়ের হারের পেছনে প্রশ্ন উঠছে কৌশলগত সিদ্ধান্ত নিয়েও।

শেষ পর্যন্ত, এই ম্যাচ মনে করিয়ে দিল শুধু অভিজ্ঞতা নয়, সাহস এবং সঠিক সময়ের সিদ্ধান্তই পারে ম্যাচ ঘুরিয়ে দিতে। যেখানে বেঙ্গালুরু একটু বেশি ‘বোল্ড’ ছিল, চেন্নাই সেখানে কিছুটা হলেও থমকে গিয়েছিল।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *