খবর লাইভ: রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। রাজ্যপালের পদে থেকে সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন জগদীপ ধনখড়। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুক্রবার ওই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
আদালত জানায়, রাজ্যপালের বিরুদ্ধে করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। তা ছাড়া সংবিধান অনুযায়ী, রাজ্যপালের কাজে আদালত কোনও ভাবে হস্তক্ষেপ করতে পারে না। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এও জানায়, সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এর পরেই সংশ্লিষ্ট মামলা খারিজ করে দেয় হাই কোর্ট।
শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্ট জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এ রকম কোনও পদক্ষেপ করতে পারে না তারা। এই মামলায় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল আইনজীবীর কাছে মোটা অঙ্কের জরিমানা নেওয়ার আবেদন করেছিলেন। তাঁর দাবি, নিছক প্রচার পাওয়ার জন্য এ রকম মামলা দায়ের হয়েছে। তবে মামলা খারিজ করে দিলেও আইনজীবীকে কোনও আর্থিক জরিমানা করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।



