খবর লাইভ: SSC-এর Group D দুর্নীতি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। ৫৭৩ জনের বেআইনি নিয়োগ বাতিলকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিশেষ অনুসন্ধান কমিটি। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হওয়ার কথা।
বিশেষ অনুসন্ধান কমিটি ওইদিন একটি প্রাথমিক তদন্ত রিপোর্টও দিতে পারে। এর আগে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৫৭৩ জন কর্মীর নিয়োগ বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে মামলা করল অনুসন্ধান কমিটি।
প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয়। ৭ ফেব্রুয়ারি কমিটির রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ হয়নি জানিয়ে কমিটি আরও ৪ মাস সময় চায়। আদালত ৪ মাস নয়, ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। কিন্তু তার মাঝেই ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ।
সেই রায়কে চ্যালেঞ্জ করে রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি ডিভিশন বেঞ্চে যায়। তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণা করল, সেই প্রশ্ন তোলা হয়েছে কমিটির তরফে।




