খবর লাইভ: প্রয়াত বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। শুক্রবার শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছরের শিল্পী। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই নানা সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। চিকিৎসা চলছিল বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনয়ের পাশাপাশি গায়ক ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা। ভাল পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন, ক্রিকেট খেলতে ভালবাসতেন। সম্পর্কে সত্যজিৎ রায়ের ভাগ্নে ছিলেন। মঞ্চে নাটকেই অভিনয়ে তাঁর হাতেখড়ি হয়। পরিচালক তপন সিনহার ‘রাজা’ ছবিতে প্রথম অভিনয় করেন। পরবর্তীকালে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের ছবিতেও অভিনয় করেন।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’ অন্যতম। মুখ্যমন্ত্রী জানান, ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।




