খবর লাইভ: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার নাকের স্প্রে। মুম্বইয়ের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার হাত ধরে বাজারে এসেছে অ্যান্টি কোভিড নাকের স্প্রে। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ওষুধ নাসিকা গহ্বরের মিউকোসা স্তরের উপর ছড়িয়ে পড়ে কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
মুম্বইয়ের ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিকালস’ নামক ওই সংস্থা, কানাডার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্যানোটাইজ’-এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে ‘ফ্যাবি স্প্রে’ নামক এই ওষুধ। কিছু দিন আগেই ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-র পক্ষ থেকে দ্রুততার ভিত্তিতে এই ওষুধের অনুমোদন মিলেছিল।
ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে এই নাইট্রিক অক্সাইডের এই স্প্রে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী এই স্প্রে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪ শতাংশ ও ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯ শতাংশ ভাইরাল লোড কমাতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থার বিবৃতিতে।




