খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।
কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, “বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর। কাঁথি পুরসভায় অধিকারী পরিবারকে সাইনবোর্ড করে দেওয়া হয়েছে। তাই এবার তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু।” তিনি আরও বলেন, “সবাই জানে, বিজেপিকে ভালোবেসে দলবদল করেনি শুভেন্দু। গিয়েছিল ED-CBI-এর ভয়ে। ওখানে এখন দমবন্ধকর পরিস্থিতি তাঁর। তাই তৃণমূলে ফিরতে চাইছেন।”
তবে একইসঙ্গে কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, “ফিরতে চাইলেও ফেরানো হবে না।” শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা পদ নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। সবমিলিয়ে এদিন কুণাল ঘোষের দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে। এবিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।



